E-Bangladesh

We Mourn

A News/Headlines service and a group blog

Blog Views - Episode 2

[display_podcast]

বাংলা স্ক্রিপ্টঃ

সুপ্রিয় শ্রোতা

ই-বাংলাদেশ ব্লগ ভিউজে আপনাদের স্বাগতম। গতবারের মতো এবারও ব্লগ ভিউজ আপনাদের সামনে নিয়ে এসেছে আন্তর্জালের বাংলা ব্লগের বিভিন্ন খবরাখবর। প্রথমেই শুরু করছি একটি সুখবর দিয়ে।

আন্তর্জালে অন্তরবাদ্যি বাজাতে আমারব্লগ.কম নামে চালু হতে যাচ্ছে আরেকটি বাংলা ব্লগ। যেখানে রক্তচক্ষু নেই, ভ্রুকুটি নেই, নেই কণ্ঠরোধের হুইসেল বাজানো দারোয়ান। আমারব্লগে কথা হবে ইচ্ছেমতো। কোনো কাজেই কর্তৃপ এখানে ইগো নিয়ে বাধা সৃষ্টি করবে না। এই ব্লগ নির্মাণের পেছনে যারা জ্বালানি সরবরাহ করছেন, তারা জানিয়েছেন সম্পূর্ণ মডারেশনমুক্ত একটি বাংলা ব্লগ হতে যাচ্ছে আমারব্লগ। যে কোনো ইস্যুতে প্রথমেই তারা ব্লগারদের অভিমত জানতে চাইবে। অর্থাৎ ব্লগারদের চাহিদা অনুযায়ী আমারব্লগ চলবে। বর্তমানে সাইটটির নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে আন্তর্জালের অন্যান্য ব্লগারদের অধিকাংশই আমারব্লগে তাদের নিক রেজিস্ট্রেশন করেছেন। সবার পরামর্শ ও সহযোগিতায় অচিরেই আমারব্লগ.কম তাদের অফিশিয়ালি উদ্বোধনের ঘোষণা দেবে বলে জানা গেছে।

এবার আসা যাক বাংলা ব্লগিংয়ের পথিকৃৎ সামহোয়ারইনব্লগে। গত সপ্তাহে সবচেয়ে বেশি পোস্ট হয়েছে বৈশাখ সংক্রান্ত। ব্লগাররা পরষ্পরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বাড়তি পাওনা হিসেবে ব্লগের জনপ্রিয় সংগঠন এটিম পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের প্রথম ইবুক মুক্তলেখা প্রকাশ করে বৈশাখের প্রথম দিনে। মোট ৯৩ জন ব্লগারের লেখা এই ইবুকে সংকলিত হয়েছে। এটিমের পে ইবুকটির সম্পাদনায় ছিলেন হাসিব মাহমুদ। ইবুকটি ব্লগে বেশ জনপ্রিয় হয়েছে। অন্যান্য পোস্টগুলোর মধ্যে জনপ্রিয় ব্লগার এবং উইকিপিডিয়ার প্রশাসক রাগিবের পত্রিকার ইন্টারভিউ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন ব্লগার একরামুল হক শামীম। পত্রিকায় দেয়া রাগিবের ইন্টারভিউ মিস করে থাকলে শামীমের পোস্ট গিয়ে পড়ে আসতে পারেন। সেখানে উইকিপিডিয়া নিয়ে তার নিজের কথাগুলো তুলে ধরেছেন রাগিব। ব্লগার ইশিতা ’শয়তান এবং জামাত-শিবিরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? শিরোনামে একটি পোস্ট দেন। ইরান ও ইসরাইল সংক্রান্ত দুইটি পোস্ট দেন ব্লগার জাগারণ। চলচ্চিত্র রোমান হলিডের চমৎকার চিত্রসমালোচনা লেখেন ব্লগার নতুন পৃথিবী। এতে ছবিটি সম্পর্কে নানা অজানা তথ্য উঠে এসেছে। পোস্টে বিখ্যাত এই ছবিটির চারটি পোস্টার রয়েছে। চলচ্চিত্র আগ্রহীরা দেখে আসতে পারেন।

সুপ্রিয় শ্রোতা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বিডিনিউজের আর্টজ বিভাগে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এখানে নতুন লেখা প্রকাশিত হয়। এ সপ্তাহে আর্টস বিভাগে মগ সম্প্রদায়ের ইতিহাস নিয়ে চিত্রপরিচালক নুরুল আলম আতিক লিখেছেন ‘বাঙলায় হার্মাদি-মগাই জলদস্যুর ইতিকথা’। সুমন রহমান লিখেছেন ‘মৃত্যু-নিঃসঙ্গ ভেড়ার চেহারা’ শিরোনামে হৃদয় রাঙানো স্মৃতিকথা। রয়েছে ধ্রুপদী বংশীবাদক ‘ওস্তাদ আজিজুল ইসলামের সাক্ষাৎকার’। সাক্ষাৎকারটি নিয়েছেন আলম খোরশেদ ও এহসানুল কবির। এছাড়া ২০০৮ সালের বইমেলায় প্রথম বই প্রকাশে লেখকদের অনুভূতি নিয়ে একটি লেখা প্রকাশ করেছে বিডিআর্টজ। এতে অভিজিৎ দাশ, মাসুম মোকাররম, মামুন খান, জুয়েল মোস্তাফিজ, রনজু রাইম, রাশেদুজ্জামান, মাহমুদ শাওন, মাহাফুজা হিলালী, অরণ্যপ্রভা, পার্থ সারথী দাশ, মুর্তালা রামাত, বিজয় আহমেদ তাদের প্রকাশিত বইগুলো সম্পর্কে অনভূতি ও প্রতিক্রিয়া পাঠকদের জানিয়েছেন।

এদিকে সচলায়তনে প্রকাশ হলো অণুগল্প সংকলন ‘দিয়াশলাই’। মোট ৩২টি গল্পের সমাহার নিয়ে প্রকাশিত এই ইবুকের একটি উল্লেখযোগ্য বিষয় এর ওঝইঘ নাম্বার। অর্থাৎ আন্তর্জালে প্রকাশিত হলেও দিয়াশলাই ইবুকটি আন্তর্জাতিক বইয়ের বাজারে অর্ন্তভুক্ত হয়ে রইল। এর প্রকাশনায় ছিলেন অমিত আহমেদ, সম্পাদনায় ছিলেন আনোয়ার সাদাত শিমুল এবং মুহাম্মদ নুরুল হাসান। অরূপ কামালের প্রচ্ছদে প্রকাশিত দিয়াশলাই ইবুকটি আপনি সচলায়তন থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও সচলায়তনে নিয়মিত প্রকাশ হচ্ছে মুহাম্মদ জুবায়েরের ধারাবাহিক উপন্যাস ‘যদি সে ভালো না বাসে’, পড়তে পারবেন এর ১৩তম পর্ব। সচল শিক্ষানবীস লিখেছেন ব্লাকহোল নামের প্রণেতা পদার্থবিজ্ঞানী জুন হুইলারকে নিয়ে, দিগন্ত লিখেছেন ’অজানা ভাইরাসের উৎপাত’। মাহবুব লিলেন লিখেছেন ’কাওয়ালজেনীর মণিহাজরা’। অপরূপ ছবিসমৃদ্ধ এই পোস্টে লীলেন বর্ণণা করেছেন টাঙ্গাইলের কাওয়ালজেনী গ্রামের শতবর্ষরের পুরোনো পৌষপূজার উৎসব মণিহাজরা সম্পর্কে। এছাড়া অন্যান্য সচলরা নিয়মিতভাবে প্রকাশ করেছেন গল্প, কবিতা, রম্য রচনা।

শ্রোতামন্ডলী এবার আসা যাক দৃষ্টিপাতের ব্লগে। গত সপ্তাহে মাত্র দুটি নতুন লেখা এসেছে এতে। তানভীর ইসলামের ‘ঢাকার নগর পরিকল্পনা - সমস্যা ও সমাধান পর্ব ৩’ এবং ইন্দ্রজিতের ’শুক্রবারের ঘটনা নিয়ে কিছু কথা’। ইসলাম আজ কোন পর্যায়ে রয়েছে এ বিষয়ে সংশয় প্রকাশ করে ইন্দ্রজিত তার পোস্টে মসজিদ থেকে চেয়ার ও জায়নামাজ এনে পুড়িয়ে ফেলা, নামাজের চেয়ে বিক্ষোভ অত্যধিক পবিত্র -আন্দোলনকারীদের এসব বিষয়গুলোতে দ্বিধা প্রকাশ করেছেন। নারীনীতি নিয়ে আন্দোলনরত ইসলামী দলগুলো এবং এ সংক্রান্ত বিষয়ে সরকারের কর্মপন্থায় তিনি সন্দেহ প্রকাশ করেন।

মুক্তমনায় ‘বিজ্ঞান ও ধর্ম - সংঘাত নাকি সমন্বয়?’ শীর্ষক সংকলনের জন্য এখনো লেখা আহবান চলছে। আগ্রহীরা মুক্ত-হাইফেন-মনা-এট-ইয়াহুগ্র“পস.কম এই ঠিকানায় লেখা পাঠাতে পারেন। এছাড়া পড়তে পারেন গীতা দাসের ’তখন ও এখন’। এতে উঠে এসেছে অসাম্প্রদায়িক বাংলাদেশের অতীত ও বর্তমানের চিত্র। এছাড়া মুক্তমনা ইবুক শিরোনাম থেকে পড়তে পারেন বন্যা আহমেদের‘ বিবর্তনের পথ ধরে’। বইটি ২০০৭ সালে অবসর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল।

সুপ্রিয় শ্রোতা আজকের মতো এই ছিল ই বাংলাদেশ ব্লগ ভিউজ। আগামী সপ্তাহে আবার হাজির হব আন্তর্জালের বাংলা ব্লগ সাইটের খবরাখবর নিয়ে। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ই বাংলাদেশ ব্লগ ভিউজ। ভালো থাকবেন, হ্যাপি ব্লগিং।

Category: Audio, Blog Views, Kamrul Hasan

Tagged:

One Response

  1. raisu says:

    beparta chomotkar. protita lekhar link dile anek chomotkar hobe. dhonyabad.

Leave a Reply

Timeline

GenocideBangladesh

1971 Bangladesh Genocide Archive
All text and images in this website are intellectual property of the respective authors. Unauthorized usage is prohibited.

E-Bangladesh at Blogged